পাবনার ঈশ্বরদীতে পার্শ্ববর্তী এলাকার এক বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাকশি ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশাচালক আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনির দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।
স্থানীয়রা জানান, অটোরিকশাচালক আয়নাল হোসেনের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় তিনি কয়েকদিন ধরে দুলালের বাড়িতে তার অটোরিকশা চার্জ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় ছোট ছেলে আরিয়ানকে (৮) সঙ্গে নিয়ে দুলালের বাড়িতে অটোরিকশটি চার্জ দিতে আসেন। চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তখন ছেলে আরিয়ানের চিৎকারে বাড়িতে থাকা দুলালের স্ত্রী ফাতেমা বেগম দৌড়ে গিয়ে আয়নালকে বাঁচানোর চেষ্টা করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেন। তার আগেই আয়নালের মৃত্যু হয়। আর আহত ফাতেমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে।




