নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউপির জহুরপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইখতিয়ার হোসেন কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জহুরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
গত ২১ আগস্ট ছাত্রদল নেতা মোবারক হোসেনের দায়েরকৃত দোকান ভাঙচুর মামলা, ২০ নভেম্বর বিএনপি নেতা জামাল উদ্দিনের দায়েরকৃত বিস্ফোরক মামলা এবং ৫ ডিসেম্বর বিএনপি নেতা মন্তাজ উদ্দিনের করা দ্রুত বিচার আইনে দায়ের করা তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
আসামি ইখতিয়ার হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।
ওসি আরো বলেন, মামলার পর আসামি গা ঢাকা দেয়। তবে পুলিশ পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় বিকেলে জহুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
আরপিকে/




