নওগাঁ সদর ও মান্দা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শৈলগাছী থেকে এক শ্রমিক ও মান্দা উপজেলার চকউলি গ্রাম থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের বাসিন্দা জামাল (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে রায়হান (২৫)।
নওগাঁ সদর থানার ওসি নুরে আলম বলেন, নিহত জামাল শৈলগাছী গ্রামের একটি মুরগির ফার্মে স্ত্রীসহ কাজ করতেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ওই ফার্মের ১০০ গজ দূরে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর বলেন, উপজেলার চকউলি গ্রামের পুকুর পাড়ের একটি আমগাছে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।




