লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের নির্দেশে সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল (২৭) দেওপাড়া নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে। অপরদিকে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) কংশনারায়নপুর এলাকার আব্দুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন দত্তপাড়া এলাকায় আরেকটি অভিযানে মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আরপিকে/




