গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) গাজার স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনিরা গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে এবং আরও ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সম্ভাবনা।
আরব নিউজের খবরে বলা হয়, শুক্রবার গভীর রাতে শুরু হওয়া এই হামলা শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। হামলায় গাজা শহরের প্যালেস্টাইন স্টেডিয়ামের কাছে ১২ জন নিহত হন, যেখানে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া হয়েছিল।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০ জনেরও বেশি মরদেহ নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুরে পূর্ব গাজা শহরের একটি রাস্তায় এক হামলায় ১১ জন নিহত হন এবং তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় আল-আহলি হাসপাতালে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গাজা নিয়ে কাজ করছি এবং এটির যত্ন নেওয়ার চেষ্টা করছি।’
পরিস্থিতি সম্পর্কে অবগত নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রী রন ডার্মার গাজার যুদ্ধবিরতি, ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন।
মার্চ মাসে ইসরায়েল সর্বশেষ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে আবারও আলোচনা বন্ধ হয়ে গেছে। এর পর থেকে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী এবং উপত্যকাজুড়ে ভয়াবহ মানবিক সংকট আরও বাড়িয়েছে।
আরপিকে/




