বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোড়ে নিউ এসএ মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, জালাল উদ্দিন একটি রাইস মিল থেকে ধান ভাঙিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠলে বগুড়া থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




