পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের জন্য পোশাক (ইউনিফর্ম) তৈরির অভিযোগে চট্টগ্রামে ‘ওয়েল ফেব্রিক্স’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) রাতে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
আটককৃতরা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক তারেকুল ইসলাম, প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মোহাম্মদ আতিকুর রহমান। এটি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের পারিবারিক ব্যবসা ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য- আটককৃতরা কেএনএফের পোশাক তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে, গত ১৭ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এরপর ২৬ মে একই থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করা হয়। ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানা থেকেও ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয়।
আরপিকে/




