নেত্রকোণার পূর্বধলায় গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, স্বামী বিজিবিতে চাকরির সুবাদে জেলার পূর্বধলা উপজেলায় বড় বোন ফেরদৌসী আক্তারের বাড়িতে বসবাস করতেন গৃহবধূ লিপি আক্তার। বড় বোনের দেবর রাসেল মিয়া সুযোগ পেলেই প্রেম নিবেদন ও অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন তাকে। একপর্যায়ে বিষয়টি লিপি তার স্বামীসহ বোন জামাই নজরুল ইসলাম ও রাসেলের বাবা মাকে জানায়।
গত ২০২০ সালের ৩ অক্টোবর রাতে লিপি আক্তার রাতের খাবার খেয়ে ছেলে এসএম আলিফকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় রাসেল মিয়া ঘরে ঢুকে ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে হত্যা করেন।
এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের রায় দেন।
আরপিকে/




