কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসী রুবেল মিয়ার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল মিয়া (৩২) ও ওসমান মিয়া (৪০)। তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় একবছর আগে সৌদি আরবে মারা যান বুঝপুর গ্রামের বাসিন্দা রুবেল। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সেযোগে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন।
চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া। মহাসড়কে ছিটকে পড়ে আহত হন আরেক প্রতিবেশী বশির মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি শাহাবুদ্দিন বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করছি, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
আরপিকে/




