ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালক।
নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত হারেস আহম্মেদ সন্তু মিয়ার বড় ছেলে। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকে পড়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি ওই সময় যানজটে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যায়। আহত সিএনজি চালককে আটক করা হয়েছে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: রায়হান উদ্দিন বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথা ও পায়ে মারাত্মক জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বলেন, ট্রেন সিএনজির সংঘর্ষে একজন নিহত, দুইজন আহত আছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরন করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ সেখানে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
আরপিকে/




