গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় রুম্মান মিয়া লিমন (২২) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকালের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার একটি কৃষি মাঠে বজ্রপাতে তিনি নিহত হন।
নিহত রুম্মান মিয়া লিমন তাজনগর পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদ্য বিবাহিত লিমন স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, মাত্র ১৪ দিন আগে ধুমধাম করে লিমনের বিয়ে হয়। জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে কাটছিল দিনগুলো। তবে মঙ্গলবার সকালে তিনি নববধূকে ঘরে রেখে বাবা-মায়ের সঙ্গে জমিতে বরবটি তুলতে যান। সে সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বজ্রপাত হলে সেখানেই মৃত্যু হয় লিমনের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, নতুন বউ রেখে লিমনের এমন মৃত্যু শুধু পরিবার নয়, পুরো গ্রামবাসীর জন্যই গভীর বেদনার।
আরপিকে/




