ছিনতাই করতে এসে নগদ মাত্র ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন জুয়েল মিয়া নামের এক যুবক। গত ৭ আগস্ট বিকেলে মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে ‘এফ রহমান ট্রেডিং’ দোকানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানিয়েছে, রোববার (১৭ আগস্ট) জুয়েল মিয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। জুয়েল ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৫) হত্যা মামলার একমাত্র আসামি।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
স্বীকারোক্তির বরাতে পুলিশ জানায়, জুয়েল মিয়া শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকার বাসিন্দা। সে আগে একটি মিষ্টির দোকানে কাজ করত। বর্তমানে বেকার এবং পরিবারিকভাবে আর্থিক সংকটে রয়েছে।
৬ আগস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজার শহরে এলেও সুবিধাজনক পরিস্থিতি না পেয়ে সে ফিরে যায়। পরদিন ৭ আগস্ট বিকেলে ফের শহরে এসে দোকানপাট ঘুরে দেখে এবং একা ব্যবসায়ী খুঁজতে থাকে।
প্রথমে ‘দি নিউ আরপি হার্ডওয়্যার’ দোকানে গিয়ে ২টি এলবো ও একটি সাসপেনশন কিনে সেখানে অবস্থান নেন। লোক বেশি থাকায় পরিকল্পনা বাদ দিয়ে পাশের ‘এফ রহমান ট্রেডিং’ দোকানে যান। দোকান মালিক রুবেল মিয়াকে একা পেয়ে সে কিছুক্ষণ অপেক্ষা করেন। নামাজ শেষে রুবেল ফিরে এলে, জুয়েল ক্রেতা সেজে রঙ কিনতে চান বলে ভেতরে নিয়ে যান। এরপর সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে রুবেলকে আঘাত করেন। প্রতিরোধের চেষ্টা করলে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে ক্যাশ বাক্স থেকে ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর পুলিশ ১১ দিনের মাথায় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, জুতা, মাস্ক, রক্তমাখা ২০ টাকার নোট, দুইটি এলবো, একটি সাসপেনশন এবং দোকানের রক্তমাখা ফাইল উদ্ধার করে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে (মামলা নম্বর-১৮)। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং জুয়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরপিকে/




