চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।
ওসি আমান উল্লাহ জানান, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় সন্দেহজনকভাবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন গতকাল রাতে অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন ‘মিশন কমপ্লিট’। আশা করা যাচ্ছে তার কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু হবে।




