সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের আরপিনগর এলাকা দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপরজন হলেন শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।
জানা যায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে সিএনজিযোগে শহরে ফিরছিলেন। পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা খুশী (১৭) নামে দুইজন নিহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা (১৮ ) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আরপিকে/




