নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. ওসমানকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার বড় ভাই ও পরিবারের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছকিনা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা।
এর আগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মো. ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন যাবত জায়গা-জমির বিরোধের জের ধরে তার স্বামী ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছিল। শনিবার রাত ২টার দিকে তার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পর তার স্বামীর চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ির লোকজন ওসমানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী পারুল বেগম ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যা মামলায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী ছকিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরপিকে/




