ফরিদপুরের আলফাডাঙ্গায় ওবায়দুর রহমান মুন্সী (৫০) নামে এক ব্যক্তিকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুর রহমান মুন্সী আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের মৃত খালেক মুন্সীর ছেলে।
জানা যায়, ওবায়দুর রহমানের সঙ্গে স্ত্রী সাবিনা ইয়াসমিনের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই জেরে বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাবিনা ইয়াসমিন ঘরে থাকা পাথরের শিল দিয়ে ওবায়দুরের মাথায় আঘাত করেন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দাম্পত্য কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। রাতেই স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




