ফরিদপুরের সালথায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জিসান খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা-ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান খান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মোটরসাইকেলযোগে সালথা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল জিসান। পথে কাউলিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরপিকে/




