নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার নামে সরকারি তুলারাম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক সিয়াব প্রধান।
নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। তিনি সরকারি তোলারাম কলেজের ব্যবসা শাখার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আহত মোটরসাইকেল চালক সিয়াব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে প্রেরণ করেন।
রোববার (১৮ মে) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটায় দিকে বন্দর থানার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা আক্তার ও সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে সিয়াব প্রধান মদনপুর থেকে মোটরসাইকেলযোগে সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে কলেজছাত্রী আফসানা আক্তার নিহত ও মোটরসাইকেল চালক সিয়াব মারাত্মকভাবে আহত হন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছেন।
আরপিকে/




