দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভা শেষে তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ মে) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় সেদেশে ঈদ উদযাপিত হবে ৬ জুন (বৃহস্পতিবার)। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ পালন হয়ে থাকে।
এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটি, নির্বাহী আদেশ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। মূল ঈদের ছুটির পর ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর শুক্র ও শনিবার পড়েছে সাপ্তাহিক ছুটি।
এর ফলে ঈদের আগে-পরে মিলিয়ে ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অনেকে ইতিমধ্যেই পরিবার নিয়ে ঈদ উদযাপনের জন্য শহর ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। ফলে পরিবহন, পশুর হাট, বাজার ও অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে ঈদের আমেজ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।
চাঁদ দেখা যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়ে গেছে। একইসঙ্গে ঈদ কেন্দ্রিক কেনাকাটা, যাতায়াতের টিকিট বুকিং, খাবারদাবার কেনা ও ঘরবাড়ি পরিষ্কারের তোড়জোড়ও শুরু হয়ে গেছে।
আরপিকে/




