খাগড়াছড়ির রামগড়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়েছে। এতে শিশুসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গুইমারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশান্তর বড়ুয়া জনান, ঘটনাস্থলে গাড়ির চালককে পাওয়া যায়নি। তবে শান্তি পরিবহনের অফিস স্টাফরা জানিয়েছেন, এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িটি উদ্ধার করা হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরপিকে/




