অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।
নিহত তিন সেনা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। খবর টাইমস অব ইসরাইলের
বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
কী কারণে ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটল, সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তবে ধারণা করা হচ্ছে, সেনাদের ভুলের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য প্রথমে বলেছিল হামাসের যোদ্ধারা হয়তো ট্যাংকে গ্রেনেড ছুড়েছে। তবে পরে তারা জানায় ট্যাংকের ওপরে থাকা ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।
এদিকে, ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন। গত ১০ দিনের মধ্য এ নিয়ে তৃতীয় কোনো ইসরায়েলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।
আরপিকে/




