কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার খাদে পড়ে সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের সভাপতি ছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় ইলিয়টগঞ্জে গাড়িটি উল্টে খাদে পড়ে পানির নিচে ডুবে যায়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাইভেটকার উল্টে ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। সন্ধ্যায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপিকে/




