ফরিদপুরের বোয়ালমারীতে গরুবোঝাই পিকআপ ট্রাক উল্টে লিয়াকত মোল্যা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগুরা জেলার গোপালনগর ইউনিয়নের সংকোচখালী এলাকার তিন ব্যবসায়ী কয়েকটি গরুবোঝাই পিকআপ ট্রাক নিয়ে ফরিদপুরের টেপাখোলা গরুর হাটে যাচ্ছিলেন। তারা মহম্মদপুর-বোয়ালমারী উপজেলার সীমান্ত ব্রিজ পার হয়ে কাদিরদী বাজার এলাকায় পৌঁছালে পিকআপ থেকে একটি গরু লাফ দিলে পিকআপটি উল্টে যায়। এ সময় পিকআপে থাকা লিয়াকত মোল্যাসহ দুই ব্যবসায়ী আহত হন।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত মোল্যাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর ব্যবসায়ী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী উপজেলার কাদিরদী এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাদিরদী বাজারে এসে পিকআপে থাকা একটি গরু লাফ দিলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির দু’জন যাত্রী গুরুতর আহত হন। তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে একজন মারা গেছেন।
আরপিকে/




