চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেলে গাছ থেকে পড়ে আহত হন তিনি।
মৃত প্রভাত পিয়াদা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার গ্রামের অজিত পিয়াদার ছেলে।
প্রতিবেশীরা জানান, প্রভাত শুক্রবার বিকেলে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা পাড়তে গ্রামের ফকিরখালি মাঠে বড় কাঁঠাল গাছে উঠেন। এরপর গাছ থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে মারা যান তিনি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ করেননি নিহতের স্বজনেরা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপিকে/




