ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মোটরসাইকেলে করে দুইজন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুইজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত আলিমুলের বাড়ি রংপুর এবং আহত আবদুর রহমান (২৫) ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ তথ্যগুলো নিশ্চিত করেছেন।
আরপিকে/




