বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।]
নিহতরা হলো শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিহত দুই শিশুর স্বজনেরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। এ সময় স্বজনেরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরপিকে/




