রংপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ফাহিম হাবিব নামে এক যুবক। সোমবার (১৮ আগস্ট) বিকেলে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি ছাত্রাবাসের ২০২ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম হাবিব জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি অপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, নিহত ফাহিম হাবিবের মোবাইল ফোনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের জেসমিন আক্তার (১৩) নামে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল। রোববার (১৭ আগস্ট) তাদের দেখা হওয়ার কথা থাকলেও দেখা না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সেই দিন সকালে ফাহিম কলেজ হোস্টেলে ফিরে আসেন। এরপর মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথা চলতে থাকেন। কিন্তু বনিবনা না হওয়ায় ভিডিও কলে কথা বলার সময়ই ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনাস্থলে তার রুমমেট ছিলেন না এবং দরজার সিটকিনি ভেতর থেকে লাগানো ছিল।
তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী জানান, সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। দেখা যায়, গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন ওই শিক্ষার্থী। দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তারা থানায় এসে লিখিতভাবে জানান, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপিকে/




