ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন স্ত্রী রুমা আক্তারও।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন হরিরামপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত মনির মিয়া একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনির মিয়ার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বাগ-বিতণ্ডা চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে চার বছরের ছেলে মো. রোহান মিয়াকে নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় মনির ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন।
মেয়েকে বাঁচাতে শাশুড়ি ফজিলা খাতুন এগিয়ে এলে মনির ছুরি দিয়ে শাশুড়ির পেটে আঘাত করেন। এতে দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ এখনও পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা হবে।
আরপিকে/




