শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে লিটন বাহিনী।
বৃহস্পতিবার (১০ জুলাই) টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই দেখায় আগ্রাসী মেজাজ। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম মাঠে নামলেও শুরু থেকেই মারমুখী ছিলেন ইমন। তবে ১৭ বলে মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। সেই সময়েও রানের চাকা সচল রেখেছিলেন ইমন।
তবে একপ্রান্ত আগলে খেললেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৫ রানে লিটন দাস (১১ বলে ৬), ৬৭ রানে ইমন (২২ বলে ৩৮) এবং ৮৯ রানে তাওহীদ হৃদয় (১৩ বলে ১০) ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা।
প্রায় দুই বছর পর দলে ফেরা নাইম শেখ আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্ত থেকে রিভিউ নিয়ে বাঁচেন। এরপর নাইম ও মেহেদী হাসান মিরাজ মিলে গড়েন ৪৬ রানের জুটি, তবে সেটি ছিল বেশ ধীরগতির। মিরাজ ২৩ বলে ২৯ রান করে আউট হন থিকশানার বলে।
শেষদিকে শামীম পাটোয়ারি ঝড় তুললেও ইনিংসে গতি আনতে পারেননি বাকিরা। ৭ নম্বরে নেমে ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৪ রান করেন শামীম। নাইম ২৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
প্রসঙ্গত, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে লিটন বাহিনী।
আরপিকে/




