কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জান্নাতি খাতুন (১৫) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ মে) সকালে কাগজীপাড়া এলাকার একটি ফাঁকা জমিতে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি খাতুন স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক জাহিদুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতি আক্তার রাতে বাসায় ঘুমিয়ে ছিল। গভীর রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আগত ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা ছিল। সকালে বাড়ির পাশের একটি জমিতে জান্নাতি আক্তারের মরদেহ পাওয়া যায়। জান্নাতিকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হলেও বিষয়টি স্থানীয়রা নিশ্চিত করতে পারেনি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপিকে/




