সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছেন জেলেরা। বুধবার মধ্যরাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একবার জাল ফেলেই ৪৩ মণ ইলিশ পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিস মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয় ২০ লাখ ৬২ হাজার টাকায়।
এফবি তামান্না নামের ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ ট্রলার নিয়ে তারা গভীর সমুদ্রে যাত্রা করেন। পায়রা বন্দর বয়া এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। দীর্ঘদিন পরে এমন সাফল্য খুশির বার্তা এনে দিয়েছে।
ট্রলার মালিক ইউসুফ হাওলাদার বলেন, অবরোধ শেষে বেশি ইলিশ ধরা পড়ায় জেলেসহ আমরা সবাই আনন্দিত। প্রথম যাত্রায় বিপুল পরিমাণ মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর অবরোধ পালন সফল হওয়ায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে বলে মনে করছি। তাই সমুদ্রে মাছ বৃদ্ধি পেয়েছে। যে কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি তারা বিগত বছরগুলোর লোকসান কাটিয়ে উঠতে পারবেন।
আরপিকে/




