পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় জিদান নামে প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার এলএসডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিদান উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নজরুল ইসলাম তার ২ সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলএসডি মোড়ে পৌঁছালে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় জিদানের বাবা, বোন ও ট্রাক্টর চালকের সহযোগী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিদানকে মৃত ঘোষণা করে।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুলসী রানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর চালক পালিয়ে যান। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




