চুয়াডাঙ্গায় ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে নিজ বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের স্কুলপাড়ার গোলাম মোস্তফা ওরফে ফয়মদ্দীনের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, সকালে ধান সেদ্ধ করে বাসার ছাদে শুকাতে দেন নাসিমা। দুপুর ১টার দিকে তিনি ছাদে উঠে ধান নাড়াচাড়া করেন। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে পরিবারের লোকজন নাসিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এখনও কেউ কোনো অভিযোগ করেননি।
আরপিকে/




