নেত্রকোণা সদরের চল্লিশা উত্তর বিলচুলঙ্গি এলাকার আব্দুস সোবহান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও অপজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু-কিশোর দণ্ডবিধিতে দেওয়া হয়।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম এমদাদ হোসেন ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবুল হাসেম ওরফে মো. আবুনি।
আদালত সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় ২০১৯ সালের ৬ জুলাই পূর্ব-পরিকল্পিতভাবে সোবহানকে মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর বাড়ি না ফিরলে পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চান মিয়ার পতিত জমিতে তার গামছা পান স্ত্রী শিউলি আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোণা মডেল থানায় রাসেল, এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হাসেমের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এদিকে, রায় ঘোষণার পর মূল পরিকল্পনাকারী আবুল হাসেমের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ আদালত চত্বরেই হাসেমের ওপর হামলা করেন।
আরেপিকে/




