বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে আলীকদম সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন ৩৩ সদস্যের একটি পর্যটক দল দুইজন গাইডসহ মাতামুহুরী নদীর শাখা তৈন খাল দিয়ে আলীকদম-থানচি সীমান্তের ক্রিস্টং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। সে সময় তৈন খালের পানির স্রোতে তিন পর্যটক ভেসে যান। তাদের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হলেও বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
ওসি আরও জানান, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরপিকে/




