পিরোজপুরের ভান্ডারিয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এমদাদুল ফরাজী (৩০) নামে এক মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।
নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর মোটরসাইকেল ভাড়া করে ভান্ডারিয়ার চরখালী এলাকায় নিয়ে আসে আসামিরা। সেখানে থেকে আসামিরা মোটরসাইকেলযোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন ৪ মার্চ নিহত এমদাদুল ফরাজীর বাবা খান জাহান আলী আসামিদের নাম উল্লেখ করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন দুইজন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
আরপিকে/




