কক্সবাজারের পেকুয়ায় টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন করেছেন এহসানুল করিম নামে এক যুবক। এ সময় আহত হয়েছেন নিহতের মা রেহেনা আক্তার।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়া এলাকার মৃত জাকের উল্লাহর ছেলে।
জানা গেছে, এহসানুল ও তার মা রেহেনা আক্তার রাজাখালী-নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ কিনে ফিরছিলেন। এ সময় পূর্বে থেকে ওঁত পেতে থাকা টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ নামে এক যুবক তাদের গাড়ির গতিরোধ করেন। এ সময় তাদের মধ্যে টাকা চুরি নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে জুনাইদ এহসানুলের বুকে ছুরিকাঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন এহসানুল। মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করেন জুনাইদ।
পরে স্থানীয়রা দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এহসানুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মা রেহেনা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া জুনাইদ ও এহসানুল দু’জনেই বন্ধু। কয়েকদিন আগে এহসানুলের বাড়ি থেকে টাকা চুরি হয়। এহসানুল সন্দেহ করেন টাকাগুলো জুনাইদ চুরি করেছেন। এরই জেরে এহসানুলকে ছুরিকাঘাত করে হত্যা করেন জুনাইদ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুনাইদকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।




