ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল আলম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনাতোলা গ্রামের আব্দুস সালামের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও সংঘর্ষ চলছিল। উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা চলছে। শুক্রবার দুপুরে আগের ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আলী আজগরের পক্ষের আক্কেল আলী মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওসি মোহাম্মদ খায়রুল আলম বলেন, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামের একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরপিকে/




