মাগুরায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হন তার স্ত্রী রিয়া খাতুন (৩২)।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদরের মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মৃত এনামুল হকের ছেলে। তিনি খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে খুলনা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোশারফ হোসেন ও তার স্ত্রী। মঘীর ঢাল এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে টহল দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। মরদেহটি বর্তমানে মাগুরা সদরের অস্থায়ী মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরপিকে/




