রাজশাহীর বাঘায় আমবাগান থেকে সাদেক হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদেক হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সাদেক হোসেন গরু ও ছাগল কেনাবেচার ব্যবসা করতেন। তার দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী আশেমা বেগম মানসিক প্রতিবন্ধী এবং দুই কন্যাসন্তানের মা। বর্তমানে তিনি বাবার বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে চণ্ডীপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন সাদেক হোসেন। তবে ব্যবসা ও জমির দেখাশোনার কারণে তিনি মাঝে মাঝে আরিফপুরের নিজ এলাকায় যেতেন। সর্বশেষ মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ আরিফপুর গ্রামের মকবুলের আমবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগম ও মেয়ে সাথী আক্তার অভিযোগ করে বলেন, পূর্ব-শত্রুতার জেরে সাদেক হোসেনকে তার সৎভাই কামাল হোসেন হত্যা করে পালিয়েছে। কামালের বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার আলালউদ্দিন জানান, ঘটনার সময় তিনি আরিফপুর মোড়ে ছিলেন। সেখান থেকে তিনি আমবাগানে আলো দেখে সঙ্গীদের নিয়ে এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় সাদেক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তার ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপিকে/




