জাতীয় ডেস্ক: শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সমাজের সকল স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই সহস্রাধিক কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পড়াশোনা শেষ করার জন্য অপেক্ষা না করে শিক্ষার্থী অবস্থাতেই যেন তরুণ প্রজন্ম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং ইন্টার্নশিপের সুযোগ পায়, সে বিষয়টি শিল্পোদ্যোক্তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে, যার ফলে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেই চাকরির পেছনে না ছুটে বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাক্ষেত্রেও বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছিল বলে অভিযোগ করেন সরকারপ্রধান। মুক্ত পরিবেশে এখন দেশের পুরো শিক্ষাকাঠামোকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নের মূল দায়িত্ব বর্তায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ওপর। অধ্যক্ষরাই মূলত একাডেমিক নেতৃত্ব প্রদান করেন এবং তাদের বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপরই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সফলভাবে গড়ে ওঠা নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার মান বাড়াতে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান অর্জনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল সার্টিফিকেটভিত্তিক শিক্ষার হার বাড়লে বেকারত্ব সমস্যার সমাধান হবে না। বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের দলীয় কোন্দল ও ব্যক্তিগত স্বার্থের সংঘাত থেকে মুক্ত রাখার কঠোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে সেই ভিন্নতা যেন কখনোই ক্লাসের পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়ে দাঁড়ায়। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই একটি দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




