গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভাবের তাড়নায় গলায় ফাঁস নিয়ে মাসুদা খানম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মাসুদা খানম উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের মাসুদ কাজীর স্ত্রী এবং চার সন্তানের জননী।
মাসুদা খানমের স্বামী বলেন, ভোররাতে ছোট ছেলের কান্নায় ঘুম ভাঙলে স্ত্রী মাসুদাকে ঘরের কোথাও খুঁজে না পেয়ে আশেপাশের ঘরে লোকদের নিয়ে খোঁজাখুজি করি। একপর্যায়ে পুকুর পাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, জমিজমা করতে গিয়ে এলাকার কিছু মহাজন ও এনজিওতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির জায়গা ও একমাত্র আয়ের মাধ্যম অটোভ্যানটি বিক্রি করে দিয়েও সুদের টাকা পরিশোধ না হওয়ায় আমার স্ত্রী কিছুদিন যাবত হতাশায় ভুগছিলেন।
নিহত গৃহবধূর দেবরের স্ত্রী লাকি বেগম বলেন, দুই বছর আগে সুদে টাকা নিয়ে মাসুদার স্বামী মাসুদ কাজী ধান চাষ করলে প্রাকৃতিক দুর্যোগে জমির সব ধান নষ্ট হয়ে যায়। সেই থেকে খুব অভাব-অনটনের মধ্যে সংসার চলতো মাসুদাদের। পরবর্তীতে কয়েকটি এনজিও থেকে ঋণ ও জমি বিক্রি করে সুদের কিছু টাকা পরিশোধ করলেও দিনদিন সুদের টাকার পরিমাণ বাড়তে থাকে। কিছুদিন ধরে মাসুদাদের পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। একদিকে সুদের টাকার চাপ, অন্যদিকে ঘরে কোনো টাকা-পয়সা না থাকায় ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। এসব কারণে মানসিক যন্ত্রণায় হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন ছাড়া শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
আরপিকে/




