জামালপুর সদর উপজেলার বাঁশচড়া সৈনিকের মোড় এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ইসমাইল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় নিহতের বন্ধু লিটন ভেন্ডার (৫১) গুরুতর আহত হন।
বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ঢেউয়েরচালা গ্রামের মৃত মিয়া মাহমুদ মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লিটন ভেন্ডার তার বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে শোলাকুড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাঁশচড়া বাজারে আসছিলেন। বাঁশচড়া বাজার সংলগ্ন সৈনিকের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ইসমাইল হোসেন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটন ভেন্ডারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের স্বজন মাহবুব আলম সেলিম জানান, ইসমাইল হোসেন দুই পুত্রসন্তানের জনক। তার বড় ছেলে ঢাকায় চাকরি করেন এবং ছোট ছেলে পড়াশুনার জন্য জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপিকে/




