ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় খান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) দুপুর ৩টার দিকে উপজেলা সদরের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তন্ময় খান ওই গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্র জনায়, তন্ময় খান বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাদশা তালুকদারের সেচ সংযোগের (মোটরচালিত সেচ পাম্প) পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
পল্লী বিদ্যুতের আলফাডাঙ্গা অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) ফাহিম হোসেন ইভান বলেন, বাদশা তালুকদার সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। ওই সংযোগে কোনো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




