বগুড়ার আদমদীঘি উপজেলায় আমিরুল ইসলাম নামে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পোওতা রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
নিহত আমিরুল ইসলাম আদমদীঘি উপজেলার পোওতা টিকরিপাড়া গ্রামের আব্দুস ছালাম গয়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সারাদিন আমিরুল ইসলাম তার বাড়িতে ছিলেন। সন্ধ্যায় ট্রাক্টর চালাতে পোওতা হবিরমোড় এলাকায় আসেন। রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার মোবাইলে স্বামী আমিরুল ইসলামকে বাড়িতে আসতে বলেন। তিনি বাড়ি না ফিরে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
এরপর শনিবার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন আদমদীঘি উপজেলার পোওতা রেললাইনের কাছে তার বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। যেন বোঝা যায় রেললাইনে কাটা পড়ে তিনি মারা গেছেন।




