রাজবাড়ীতে একটি তালাবদ্ধ ঘর থেকে ফারিহা বিশ্বাস জেরিন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারিহা বিশ্বাস জেরিন বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের আকির হোসেন বিশ্বাস এবং তৃপ্তিয়ারা খাতুনের মেয়ে।
এর আগে, জেরিন বিকাল ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি পোস্ট করেছিলেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, “সবকিছু মিলায়ে আমি আর নিতে পারলাম না। মাফ করে দিও আমাকে। বাবা-মায়ের ব্যর্থ সন্তান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলাম। যাদের সঙ্গে অন্যায় করছি সবাই মাফ করে দিও।” আরেকটি পোস্টে জেরিন লেখেন, “বিদায় সুন্দর পৃথিবী।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৩টার দিকে ফেসবুকে জেরিনের আত্মহত্যার পোস্ট দেখে ফারিহা বিশ্বাসের এক বন্ধু তার মাকে ফোন করেন। তবে তার মা জানান যে, তিনি জেরিনকে বাড়িতে একা রেখে সকালে স্কুলে গিয়েছিলেন। এরপর তার বন্ধু স্থানীয় কয়েকজনের সাথে জেরিনের বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জেরিনের মরদেহ দেখতে পান।
জেরিনের মা তৃপ্তিয়ারা খাতুন বলেন, “আমার মেয়ে ২০২৪ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তার ১২ এপ্রিল ঢাকা যাওয়ার কথা ছিল। তবে সে ঢাকা যেতে রাজি ছিল না। আমরা চেয়েছিলাম সে ভর্তি পরীক্ষা দিক। আমি এবং তার বাবা তাকে পরীক্ষা দেওয়ার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছি। এই বিষয়ে সে একটু বিরক্ত ছিল।”
তৃপ্তিয়ারা খাতুন বিশ্বাস করেন যে তার মেয়ে বাড়িতে একা থাকার পর আত্মহত্যা করেছে। তবে তিনি দাবি করেছেন যে, সে কেন আত্মহত্যা করেছে তা বলতে পারছেন না।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”




