ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজারের এক ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও তার স্বামীর মোবাইল বন্ধ ছিল। সিডস্টোর উত্তর বাজার ভাড়া বাসায় খোঁজ নিতে এসে স্বজনেরা ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে তালা ভেঙে ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় ভালুকা মডেল থানার পুলিশ।
নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যান বোন জামাই স্বপন মিয়া।
বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরপিকে/




