নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাবু (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের শ্রমিকের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবু একই গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মো. রাজুর ছেলে। ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিপুর গ্রামের একটি গাছে বাবুর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।




