সিরাজগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯২ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিগঞ্জ গ্রামের মো. দুরুল হুদার ছেলে মো. আব্দুল বাছির (২০)। অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়া গ্রামের মো. গোলাম মর্তুজার ছেলে মো. রিপন আলী (৩২)।
সিরাজগঞ্জ র্যাব-১২’র সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. উসমান গণি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




