দিনাজপুর সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।
সোমবার (৫ মে) সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। পথিমধ্যে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে দশ মাইল হাইওয়ে, কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরপিকে/




